Kitab

আন্ নাবা (মহাসংবাদ)

Chapter 78, 40 verses

  • আবদুস শহীদ নাসিম
  • বয়ান ফাউন্ডেশন
  • ইসলামিক ফাউন্ডেশন
  • Arabic, with marks
About this chapter


মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪০, রুকু সংখ্যা: ০২

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয় ০১-২০মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। বিচারের দিনটি অবশ্যি আসবে। ২১-৩০আল্লাদ্রোহীদের পরকালীন দুর্দশা। ৩১-৩৬মুত্তাকিদের পরকালীন পুরস্কার। ৩৭-৪০কিয়ামতের দিন সুপারিশ করা তো দূরের কথা আল্লাহর সামনে টু শব্দটি করার সাহসও কারো হবেনা।
আবদুস শহীদ নাসিম

এরা একে অপরকে জিজ্ঞাসা করছে কী বিষয়ে?

বয়ান ফাউন্ডেশন

কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?

ইসলামিক ফাউন্ডেশন

উহারা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে?

Arabic, with marks

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءَلُونَ

আবদুস শহীদ নাসিম

সেই মহাসংবাদ সম্পর্কে নাকি?

বয়ান ফাউন্ডেশন

মহাসংবাদটি সম্পর্কে,

ইসলামিক ফাউন্ডেশন

সেই মহাসংবাদ বিষয়ে,

Arabic, with marks

عَنِ النَّبَإِ الْعَظِيمِ

আবদুস শহীদ নাসিম

যে বিষয়ে তারা লিপ্ত রয়েছে ইখতিলাফে?

বয়ান ফাউন্ডেশন

যে বিষয়ে তারা মতভেদ করছে।

ইসলামিক ফাউন্ডেশন

যেই বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে।

Arabic, with marks

الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

আবদুস শহীদ নাসিম

কিছুতেই (এটা ইখতিলাফের বিষয়) নয়, অচিরেই তারা জানতে পারবে (এর সত্যতা)।

বয়ান ফাউন্ডেশন

কখনো না, অচিরেই তারা জানতে পারবে।

ইসলামিক ফাউন্ডেশন

কখনও না, উহাদের ধারণা অবাস্তব, উহারা শীঘ্র জানিতে পারিবে;

Arabic, with marks

كَلَّا سَيَعْلَمُونَ

আবদুস শহীদ নাসিম

পুনরায় বলছি, কিছুতেই (এটা ইখতিলাফের বিষয়) নয়, অচিরেই তারা জানতে পারবে।

বয়ান ফাউন্ডেশন

তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।

ইসলামিক ফাউন্ডেশন

আবার বলি কখনও না, উহারা অচিরেই জানিবে।

Arabic, with marks

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

আবদুস শহীদ নাসিম

আমরা কি পৃথিবীকে বানাইনি শয্যা?

বয়ান ফাউন্ডেশন

আমি কি বানাইনি যমীনকে শয্যা?

ইসলামিক ফাউন্ডেশন

আমি কি করি নাই ভূমিকে শয্যা

Arabic, with marks

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا

আবদুস শহীদ নাসিম

আর পাহাড়গুলোকে (গেড়ে দেইনি) পেরেকের মতো?

বয়ান ফাউন্ডেশন

আর পর্বতসমূহকে পেরেক?

ইসলামিক ফাউন্ডেশন

ও পর্বতসমূহকে কীলক?

Arabic, with marks

وَالْجِبَالَ أَوْتَادًا

আবদুস শহীদ নাসিম

এবং আমরা কি তোমাদের সৃষ্টি করিনি জোড়ায় জোড়ায়?

বয়ান ফাউন্ডেশন

আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।

ইসলামিক ফাউন্ডেশন

আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,

Arabic, with marks

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا

আবদুস শহীদ নাসিম

আর তোমাদের নিদ্রাকে বানাইনি তোমাদের জন্যে বিশ্রাম?

বয়ান ফাউন্ডেশন

আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম,

Arabic, with marks

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

আবদুস শহীদ নাসিম

এবং রাতকে কি বানাইনি (অন্ধকার দ্বারা পোশাকের মতো) আবরণ?

বয়ান ফাউন্ডেশন

আর আমি রাতকে করেছি আবরণ।

ইসলামিক ফাউন্ডেশন

করিয়াছি রাত্রিকে আবরণ,

Arabic, with marks

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا

আবদুস শহীদ নাসিম

আর দিনকে কি বানাইনি তোমাদের জীবন - সামগ্রী উপার্জনের সময়?

বয়ান ফাউন্ডেশন

আর আমি দিনকে করেছি জীবিকার্জনের সময়।

ইসলামিক ফাউন্ডেশন

এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময়,

Arabic, with marks

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا

আবদুস শহীদ নাসিম

এবং আমরা বানিয়েছি তোমাদের উপরে সাতটি মজবুত (আকাশ)।

বয়ান ফাউন্ডেশন

আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।

ইসলামিক ফাউন্ডেশন

আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ

Arabic, with marks

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

আবদুস শহীদ নাসিম

আর স্থাপন করে দিয়েছি একটি উজ্জ্বল উত্তপ্ত বাতি (সূর্য)।

বয়ান ফাউন্ডেশন

আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ।

ইসলামিক ফাউন্ডেশন

এবং সৃষ্টি করিয়াছি প্রোজ্জ্বল দীপ।

Arabic, with marks

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

আবদুস শহীদ নাসিম

আর বর্ষাধারী মেঘমালা থেকে বর্ষণ করেছি প্রচুর পানি।

বয়ান ফাউন্ডেশন

আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি।

ইসলামিক ফাউন্ডেশন

এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বারি,

Arabic, with marks

وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا

আবদুস শহীদ নাসিম

তা দিয়ে উৎপন্ন করার জন্যে শস্য, শাক - সবজি,

বয়ান ফাউন্ডেশন

যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি।

ইসলামিক ফাউন্ডেশন

যাহাতে তদ্দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ,

Arabic, with marks

لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا

আবদুস শহীদ নাসিম

আর নিবিড় উদ্যান।

বয়ান ফাউন্ডেশন

আর ঘন উদ্যানসমূহ।

ইসলামিক ফাউন্ডেশন

ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।

Arabic, with marks

وَجَنَّاتٍ أَلْفَافًا

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই ফায়সালার দিনটি তো নির্দিষ্ট হয়েই আছে।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে।

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস;

Arabic, with marks

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا

আবদুস শহীদ নাসিম

সেদিন যেইমাত্র শিংগায় ফুঁক দেয়া হবে, সাথে সাথে তোমরা এসে হাজির হবে দলে দলে।

বয়ান ফাউন্ডেশন

সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে।

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে,

Arabic, with marks

يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

আবদুস শহীদ নাসিম

আর উন্মুক্ত করে দেয়া হবে আকাশ এবং তাতে তৈরি হয়ে যাবে অসংখ্য দরজা।

বয়ান ফাউন্ডেশন

আর আসমান খুলে দেয়া হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট।

ইসলামিক ফাউন্ডেশন

আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বারবিশিষ্ট।

Arabic, with marks

وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا

আবদুস শহীদ নাসিম

আর পর্বতসমূহকে স্থানচ্যুত করে চালিয়ে দেয়া হবে, ফলে সেগুলো পরিণত হবে মরীচিকায়।

বয়ান ফাউন্ডেশন

আর পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে।

ইসলামিক ফাউন্ডেশন

এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা,

Arabic, with marks

وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

আবদুস শহীদ নাসিম

অবশ্যি জাহান্নাম অতর্কিত আক্রমণের এক গোপন স্থান।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় জাহান্নাম ওঁৎ পাতিয়া রহিয়াছে ;

Arabic, with marks

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

আবদুস শহীদ নাসিম

আল্লাহদ্রোহী সীমালংঘনকারীদের বাসস্থান।

বয়ান ফাউন্ডেশন

সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।

ইসলামিক ফাউন্ডেশন

সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।

Arabic, with marks

لِّلطَّاغِينَ مَآبًا

আবদুস শহীদ নাসিম

যুগ যুগ ধরে (অনন্তকাল) তারা অবস্থান করবে সেখানে।

বয়ান ফাউন্ডেশন

সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।

ইসলামিক ফাউন্ডেশন

সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে,

Arabic, with marks

لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا

আবদুস শহীদ নাসিম

সেখানে তারা না ঠান্ডা, আর না পানযোগ্য কিছু আস্বাদন করবে।

বয়ান ফাউন্ডেশন

সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়।

ইসলামিক ফাউন্ডেশন

সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোন পানীয় -

Arabic, with marks

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

আবদুস শহীদ নাসিম

তবে পান করবে শুধু ফুটন্ত পানি আর ক্ষত থেকে নির্গত পুঁজ।

বয়ান ফাউন্ডেশন

ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া।

ইসলামিক ফাউন্ডেশন

ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;

Arabic, with marks

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

আবদুস শহীদ নাসিম

(এ হবে তাদের কৃতকর্মের) উপযুক্ত প্রতিফল।

বয়ান ফাউন্ডেশন

উপযুক্ত প্রতিফলস্বরূপ।

ইসলামিক ফাউন্ডেশন

ইহাই উপযুক্ত প্রতিফল।

Arabic, with marks

جَزَاءً وِفَاقًا

আবদুস শহীদ নাসিম

কারণ, হিসাব দিতে হবে - এ দৃষ্টিভংগি তারা পোষণ করতো না।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় তারা হিসাবের আশা করত না।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা কখনও হিসাবের আশংকা করিত না,

Arabic, with marks

إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا

আবদুস শহীদ নাসিম

আর তারা মিথ্যা বলে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল আমাদের আয়াত সমূহকে।

বয়ান ফাউন্ডেশন

আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।

ইসলামিক ফাউন্ডেশন

এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল।

Arabic, with marks

وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا

আবদুস শহীদ নাসিম

অথচ প্রতিটি জিনিসকেই আমরা লিখে রেখেছি গুণে গুণে।

বয়ান ফাউন্ডেশন

আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি।

ইসলামিক ফাউন্ডেশন

সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে।

Arabic, with marks

وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا

আবদুস শহীদ নাসিম

সুতরাং এখন আস্বাদন করো (তোমাদের আল্লাহদ্রোহী কৃতকর্মের প্রতিফল)। কেবলমাত্র শাস্তি ছাড়া তোমাদের জন্যে আমরা কোনো কিছুই বৃদ্ধি করবোনা। (হে ! আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন!)

বয়ান ফাউন্ডেশন

সুতরাং তোমরা স্বাদ গ্রহণ কর। আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব।

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করিব।

Arabic, with marks

فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

আবদুস শহীদ নাসিম

মুত্তাকিদের (যারা কঠিন হিসাবের ভয়ে আল্লাহর হুকুম অমান্য করা থেকে বিরত থেকেছিল, তাদের) জন্যে রয়েছে সাফল্য (জান্নাত)।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা।

ইসলামিক ফাউন্ডেশন

মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য,

Arabic, with marks

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

আবদুস শহীদ নাসিম

এবং উদ্যানসমূহ আর আংগুরের বাগান।

বয়ান ফাউন্ডেশন

উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।

ইসলামিক ফাউন্ডেশন

উদ্যান, দ্রাক্ষা,

Arabic, with marks

حَدَائِقَ وَأَعْنَابًا

আবদুস শহীদ নাসিম

আর সমবয়সী পূর্ণ যৌবনা তরুণী দল।

বয়ান ফাউন্ডেশন

আর সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী।

ইসলামিক ফাউন্ডেশন

সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী

Arabic, with marks

وَكَوَاعِبَ أَتْرَابًا

আবদুস শহীদ নাসিম

এবং (শরাব) ভর্তি পানপাত্র।

বয়ান ফাউন্ডেশন

আর পরিপূর্ণ পানপাত্র।

ইসলামিক ফাউন্ডেশন

এবং পূর্ণ পানপাত্র।

Arabic, with marks

وَكَأْسًا دِهَاقًا

আবদুস শহীদ নাসিম

সেখানে তারা শুনবেনা কোনো বাজে কিংবা মিথ্যা কথাবার্তা।

বয়ান ফাউন্ডেশন

তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।

ইসলামিক ফাউন্ডেশন

সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য;

Arabic, with marks

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا

আবদুস শহীদ নাসিম

(এসবই দেয়া হবে) তোমার সেই মহান প্রভুর পক্ষ থেকে পুরস্কার আর হিসাব পরিমাণ দান হিসেবে,

বয়ান ফাউন্ডেশন

তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের,

Arabic, with marks

جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا

আবদুস শহীদ নাসিম

যিনি মহাবিশ্ব, এই পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সমস্ত কিছুর মালিক। পরম দয়াবান তিনি। তাঁর সম্মুখে কথা বলার শক্তি - সাহস কারোই থাকবেনা।

বয়ান ফাউন্ডেশন

যিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না।

ইসলামিক ফাউন্ডেশন

যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্তকিছুর, যিনি দয়াময়; তাঁহার নিকট আবেদন - নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না।

Arabic, with marks

رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

আবদুস শহীদ নাসিম

সেদিন রূহ (জিবরিল) এবং ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে সফ (সারি) বদ্ধ হয়ে। তারা কোনো কথা বলবেনা (বলার সাহস করবেনা); তবে দয়াময় রহমান কাউকেও অনুমতি দিলে (সে বলবে) এবং সে বলবে যথার্থ ও ন্যায়সঙ্গত কথা।

বয়ান ফাউন্ডেশন

সেদিন রূহ* ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে। *হযরত জিবরীল (আঃ)।

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন রূহ্ ও ফিরিশ্‌তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে ; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।

Arabic, with marks

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

আবদুস শহীদ নাসিম

এই দিনটি (যে আসবেই তা অনিবার্য) এক মহাসত্য। সুতরাং যার ইচ্ছা সে তার মালিকের দিকে ফেরার জন্যে পথ ধরুক।

বয়ান ফাউন্ডেশন

ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।

ইসলামিক ফাউন্ডেশন

এই দিবস সুনিশ্চিত ; অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক।

Arabic, with marks

ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا

আবদুস শহীদ নাসিম

অত্যাসন্ন আযাব সম্পর্কে আমরা তোমাদের সতর্ক করে দিলাম; সেদিন প্রতিটি মানুষই দেখতে পাবে তার দুই হাত কী কামাই করে (অর্থাৎ - সে কি কৃতকর্ম) সম্মুখে (বিচার দিনের জন্যে) পাঠিয়েছে? আর (তখন) বলবে: ‘হায়, আমি যদি মাটি হতাম!’

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী অগ্রে প্রেরণ করেছে এবং বলবে ‘হায়, আমি যদি মাটি হতাম’!

ইসলামিক ফাউন্ডেশন

আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম ; সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং বলিবে, ‘হায়, আমি যদি মাটি হইতাম !’

Arabic, with marks

إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme