হে চাদরাবৃত!
হে বস্ত্রাচ্ছাদিত !
Chapter 74, 56 verses
হে চাদরাবৃত!
হে বস্ত্রাচ্ছাদিত !
উঠুন, সতর্ক করুন,
উঠো, (মানুষকে) সতর্ক করো।
আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
তোমার রব - এর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।
আপন পোশাক পবিত্র করুন
তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো।
এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।
আবিলতা (শিরকের অপবিত্রতা) পরিত্যাগ করো।
অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।
বেশি পাওয়ার আশায় উপকার করোনা।
এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
আর তোমার প্রভুর উদ্দেশ্যে সবর অবলম্বন করো।
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;
যখন ফুৎকার দেয়া হবে শিংগায়,
সেদিন হবে কঠিন দিন,
সেদিনটি হবে এক কঠিন দিন।
কাফেরদের জন্যে এটা সহজ নয়।
সেটি সহজ হবেনা কাফিরদের জন্যে।
যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।
আমাকে ছেড়ে দাও আর যাকে আমি সৃষ্টি করেছি একাই।
আমি তাকে বিপুল ধন - সম্পদ দিয়েছি।
আমি তাকে দিয়েছি বিপুল মাল - সম্পদ।
এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,
দিয়েছি সংগে উপস্থিত থাকা পুত্রদের।
এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।
সরবরাহ করেছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ।
এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।
তারপরেও সে লোভ করে আমি যেনো তাকে আরো বেশি করে দেই।
কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।
কখনো নয়, সে তো আমাদের আয়াতের উগ্র বিরোধিতাকারী।
আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।
অচিরেই আমি তাকে চড়াবো এক কঠিন স্থানে (জাহান্নামের পাহাড়ে)।
সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,
সে চিন্তা করেছে এবং একটা চক্রান্তের সিদ্ধান্ত নিয়েছে।
ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
সে ধ্বংস হোক, কী করে সে এ সিদ্ধান্ত নিলো?
আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
সে আবারো ধ্বংস হোক, কী করে নিলো সে এ সিদ্ধান্ত!
সে আবার দৃষ্টিপাত করেছে,
সে নজর করে দেখেছে।
অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,
তারপর ভ্রুকুঞ্চিত করে মুখ বিকৃত করেছে।
অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
তারপর পেছনে গিয়ে দাম্ভিকতা প্রকাশ করেছে।
এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,
সে বলেছে: ‘‘এ তো সমাজে চলে আসা প্রচলিত ম্যাজিক ছাড়া আর কিছু নয়।
এতো মানুষের উক্তি বৈ নয়।
এতো মানুষের কথা ছাড়া অন্য কিছু নয়।’’
আমি তাকে দাখিল করব অগ্নিতে।
অচিরেই আমি তাকে নিক্ষেপ করবো সাকারে।
আপনি কি বুঝলেন অগ্নি কি?
কিভাবে জানবে তুমি - সাকার কী?
এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
(সেটা এমন জিনিস) যা বাকিও রাখেনা, ছেড়েও দেয়না।
মানুষকে দগ্ধ করবে।
সেটা মানুষের (গায়ের চামড়া) দগ্ধকারী।
এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
সেটার তত্ত্বাবধানে আছে ঊনিশজন (ফেরেশতা)।
আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি - যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
আমরা জাহান্নামের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি ফেরেশতাদের। আমরা কাফিরদের পরীক্ষার জন্যেই তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে করে ইতোপূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের একীন জন্মে এবং যেনো ঈমানদারদের ঈমান বেড়ে যায় আর কিতাবীরা এবং মুমিনরা যেনো সন্দেহে না পড়ে। আর যাদের মনে রোগ (মুনাফিকি) আছে তারা এবং কাফিররা যেনো বলে: ‘ এই কথার মাধ্যমে কী বুঝাতে চেয়েছেন?’ এভাবেই যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক পথ দেখান। তোমার প্রভুর বাহিনী সম্পর্কে একমাত্র তিনি ছাড়া কেউই জানেনা। জাহান্নামের এই তথ্য মানুষের জন্যে একটি সতর্কবাণী।
কখনই নয়। চন্দ্রের শপথ,
কখনো নয়, শপথ চাঁদের,
শপথ রাত্রির যখন তার অবসান হয়,
শপথ রাতের যখন তা পেছনে ফিরে (চলে) যায়,
শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
শপথ ভোর বেলার যখন তা আলোকিত হয়ে উঠে,
নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,
নিশ্চয়ই এ (জাহান্নাম) গুরুতর বিপদ সমূহের একটি,
মানুষের জন্যে সতর্ককারী।
মানুষের জন্যে সতর্ককারী।
তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।
তোমাদের মধ্যে যে এগিয়ে আসতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্যে।
প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;
প্রত্যেক ব্যক্তি নিজের অর্জনের কাছে আবদ্ধ।
কিন্তু ডানদিকস্থরা,
তবে ডান পাশের লোকেরা নয়।
তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
তারা থাকবে উদ্যানসমূহে, তারা প্রশ্ন করবে
অপরাধীদের সম্পর্কে
অপরাধীদের বিষয়ে:
বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
‘কোন্ জিনিস তোমাদের নিক্ষেপ করেছে সাকারে?’
তারা বলবেঃ আমরা পড়তাম না,
তারা বলবে: ‘‘আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না,
অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
আর আমরা মিসকিনদের (অভাবীদের) খাবার দিতামনা,
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
আমরা মিথ্যা রটনাকারীদের সাথে মিথ্যা রটনা করতাম,
এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
এবং আমরা প্রত্যাখ্যান করতাম প্রতিদান দিবসকে,
আমাদের মৃত্যু পর্যন্ত।
আমাদের কাছে একীন (মৃত্যু) এসে পৌছা পর্যন্ত।’’
অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
অতএব শাফায়াতকারীদের শাফায়াত তাদের কোনো কাজে আসবেনা।
তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?
তাদের কী হয়েছে, কেন তারা উপদেশ বাণী (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?
যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।
এরা যেনো পলায়নপর গাধার দল,
হট্টগোলের কারণে পলায়নপর।
যারা দ্রুত পালাচ্ছে সিংহের সামনে থেকে।
বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
বরং তারা প্রত্যেকে চায়, তাকে একটি উন্মুক্ত সহিফা (বই) দেয়া হোক।
কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।
কখনো নয়, বরং তারা আখিরাতকেই ভয় পায়না।
কখনও না, এটা তো উপদেশ মাত্র।
না, তা হবার নয়। নিশ্চয়ই এ কুরআন এক উপদেশ বাণী।
অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।
সুতরাং যার ইচ্ছা, সে এ থেকে উপদেশ গ্রহণ করুক।
তারা স্মরণ করবে না, কিন্তু যদি চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।
তবে তারা আল্লাহর ইচ্ছা ছাড়া উপদেশ গ্রহণ করবেনা। একমাত্র তিনিই উপযুক্ত যাকে ভয় করা উচিত এবং একমাত্র তিনিই ক্ষমা করার অধিকারী।