যখন গুটিয়ে নিয়ে আলোহীন করে দেয়া হবে সূর্যকে,
আত্ তাকভীর (গুটিয়ে নিয়ে আলোহীন করা)
Chapter 81, 29 verses
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে তারকারাজি,
যখন চালিয়ে দেয়া হবে পাহাড় পর্বত,
যখন উপেক্ষা করা হবে দশ মাসের পূর্ণ গর্ভবতী উটনীগুলোকে,
যখন সমবেত করা হবে বন্য পশুদের,
যখন জ্বালিয়ে দেয়া হবে সমুদ্রগুলোতে আগুন,
যখন জুড়ে দেয়া হবে (দেহের সাথে) প্রাণগুলো,
যখন জিজ্ঞাসা করা হবে জীবন্ত মাটি চাপা দিয়ে (হত্যা করা) মেয়েকে,
কী অপরাধের কারণে হত্যা করা হয়েছিল তাকে?
যখন প্রকাশ করে দেয়া হবে সহিফা (কৃতকর্মের রেকর্ড) সমূহ,
যখন আকাশের আবরণ খসিয়ে দিয়ে স্থানচ্যুত করা হবে তাকে,
যখন প্রজ্জ্বলিত হয়ে উঠবে জাহিম,
এবং যখন নিকটে আনা হবে জান্নাত,
তখন প্রত্যেক ব্যক্তিই জেনে যাবে - কী নিয়ে হাজির হয়েছে সে!
তাই, আমি নিশ্চিতভাবে শপথ করছি সেইসব গ্রহের, যেগুলো ফিরে যায়,
এবং সেইসব গ্রহের যেগুলো চলে এবং হয়ে যায়।
শপথ রাতের যখন তা বিদায় নেয়,
শপথ প্রভাতের যখন তা হয়ে উঠে আলোকিত :
নিশ্চয়ই এটা (কুরআন) এমন একজন সম্মানিত বাণী বাহকের (জিবরিলের) আনীত বাণী,
যে বড় শক্তিধর, এবং আরশের মালিকের কাছে মর্যাদার অধিকারী,
সেখানে তাকে মান্য করা হয়, এবং সে খুবই বিশ্বস্ত।
(হে লোকেরা!) তোমাদের সাথি (মুহাম্মদ) কোনো পাগল ব্যক্তি নয়,
সে বাণী বাহক (জিবরিল) - কে নিজের চোখে দেখেছে পরিষ্কার দিগন্তে,
সে - এর (জ্ঞানকে মানুষের কাছে প্রচার ও প্রকাশ করার) ব্যাপারে কৃপণ নয়।
এবং এটা (এই কুরআন) অভিশপ্ত শয়তানের বক্তব্য নয়।
সুতরাং, কোন্ দিকে যাচ্ছো তোমরা?
এটা (এই কুরআন) তো একটা উপদেশ সমগ্র জগতবাসীর জন্যে,
তোমাদের মধ্যকার এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে চলতে চায় সঠিক সরল পথে।
আর তোমাদের চাওয়াতেই কিছুই হয়না, যদি রাববুল আলামিন (তা) না চান।