আদ দোহা (পূর্বাহ্ন)
Chapter 93, 11 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ১১, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১১রসূল সা.-এর জন্যে সুসংবাদ এবং তাঁর প্রতি কতিপয় নির্দেশ।
শপথ আলোকময় দিনের (বা পূর্বাহ্নের)।
শপথ রাতের যখন সে অন্ধকারের ছায়া বিস্তার করে নিস্তব্ধ হয়ে পড়ে।
তোমার প্রভু তোমাকে বিদায় (ত্যাগ) করেননি এবং অসন্তুষ্টও হননি (তোমার প্রতি)।
আর নিশ্চয়ই (শেষকাল) তোমার জন্যে উত্তম প্রথম কাল থেকে।
শীঘ্রি তোমার প্রভু তোমাকে দান করবেন (বিপুল কল্যাণ), তাতে সন্তুষ্ট হয়ে যাবে তুমি।
তিনি কি তোমাকে এতিম পাননি, আর আশ্রয় দেননি?
তিনি কি তোমাকে (ঈমান এবং কিতাব) সম্পর্কে অনবহিত পাননি , অতপর সঠিক পথ দেখাননি?
তিনি কি তোমাকে পাননি দরিদ্র, তারপর দান করেননি প্রাচুর্য?
তাই, তুমি কঠোর আচরণ করোনা এতিমদের প্রতি,
এবং ভৎর্সনা করোনা ভিক্ষুককে।
আর তোমার প্রভুর নিয়ামতের (নবুয়্যত, ঈমান এবং কিতাবের) কথা প্রচার ও প্রকাশ করতে থাকো।